আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): চুরি ঠেকাতে নিজের উদ্ভাবিত ডিভাইস সংযুক্ত করে স্মার্ট অটোরিকশা তৈরি করছেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া রেলগেট এলাকার তরুণ উদ্ভাবক সাজু ইসলাম। স্বল্প খরচে তৈরি এ প্রযুক্তিনির্ভর অটোরিকশা ইতোমধ্যে স্থানীয় চালকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই অন্যের ওয়ার্কশপে শ্রমিক হিসেবে কাজ করে অভিজ্ঞতা অর্জন করেন সাজু। পরে আটাপাড়া রেলগেট এলাকায় নিজেই প্রতিষ্ঠা করেন ‘বিসমিল্লাহ অটো মোবাইল অ্যান্ড ওয়ার্কশপ’। এলাকার আব্দুর রহমানের ছেলে সাজু অভাবের কারণে বেশিদূর পড়াশোনা করতে পারেননি। সংসারের হাল ধরতে ছোটবেলা থেকেই তিনি বিভিন্ন ওয়ার্কশপে শ্রমিক হিসেবে কাজ করেছেন। দক্ষতা অর্জনের পর নিজেই ওয়ার্কশপ ব্যবসা শুরু করেন।
সাজু ইসলাম জানান, অটোরিকশা চুরি ও ছিনতাই প্রতিরোধে তিনি বিশেষ কৌশলে একটি ডিভাইস উদ্ভাবন করেছেন, যা অটোরিকশার সঙ্গে সংযুক্ত করা হয়। এই ডিভাইস থাকলে চোরচক্র অটোরিকশা চুরির চেষ্টা করেও সফল হতে পারবে না। চুরির চেষ্টা করা হলে অটোরিকশা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং বিকট শব্দে সতর্ক সংকেত দেবে। এছাড়া রিমোট কন্ট্রোলের মাধ্যমে অটোরিকশা চালু ও বন্ধ করা যায়।
তিনি আরও বলেন, স্বল্পমূল্যে এই প্রযুক্তিসম্পন্ন অটোরিকশা নিজেই তৈরি ও বিক্রি করছেন। উদ্ভাবনটি জনপ্রিয় হওয়ায় অনেক চালক এমন অটোরিকশা কেনার আগ্রহ দেখাচ্ছেন। তবে সরকার স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করলে ব্যবসাটি আরও বড় পরিসরে সম্প্রসারণ করা সম্ভব হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
স্থানীয়রা জানান, সাজুর তৈরি স্মার্ট অটোরিকশায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকায় তারা এমন যানবাহন কিনতে আগ্রহী।
স্বল্প শিক্ষিত হয়েও নিজের মেধা, শ্রম ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে সাজুর এই উদ্যোগ তৃণমূল পর্যায়ে প্রযুক্তির ব্যবহারের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

