সর্বশেষ :
19 Oct 2026, Mon

ফতুল্লায় পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কাটার অভিযোগ

পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কাটার অভিযোগ

ফতুল্লা (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জে পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ ওঠে, সেতুর আশপাশের মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছে, যা সেতুর নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

সরেজমিনে দেখা গেছে, সেতুর ৮৫, ৮৬ ও ৮৭ নম্বর পিলারের আশপাশের মাটি কেটে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বর্তমানে সেখানে মাটি কাটার কাজ বন্ধ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে সেতুর পিলারের গোড়া থেকে মাটি কেটে বিক্রি করছে। তবে অভিযুক্তরা এ অভিযোগ অস্বীকার করেছেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন জানান, বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোর বৈঠক হয়েছে। ফতুল্লার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান নূর বলেন, প্রাথমিকভাবে মাটি কাটার কাজ বন্ধ করা হয়েছিল।

রেলওয়ে ঢাকা বিভাগের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা শিমুল কুমার সাহা জানান, রেলওয়ের পক্ষ থেকে মাটি কাটার কোনো অনুমতি দেওয়া হয়নি।

অন্যদিকে পদ্মা রেল প্রকল্পের ব্রিজ অ্যান্ড ভায়াডাক্ট প্রকৌশলী আমিনুল করিম দাবি করেন, প্রকল্পের অনুমোদন নিয়েই জলাশয় পুনরুদ্ধারের অংশ হিসেবে মাটি কাটা হচ্ছিল এবং এতে সেতুর কোনো ক্ষতি হবে না।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানকে অনুমতিপত্র দেখাতে বলা হলেও তারা তা উপস্থাপন করতে পারেনি। ফলে মাটি কাটার কাজ বন্ধ রাখা হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে ওই এলাকায় নতুন করে মাটি কাটার অনুমতি দেওয়া হবে না।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *