আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া নাসরিনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউএনও তামাক ও নিকোটিনমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে স্কুল-কলেজের শিক্ষার্থী ও তরুণ সমাজকে তামাকের ভয়াবহতা, এর কুফল এবং সচেতনতার সুফল বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা বিএনপির সম্পাদক আ. হান্নান চৌধুরী, পৌর জামায়াতের সেক্রেটারি মো. গোলাম রব্বানী এবং প্রেসক্লাবের সম্পাদক সজল কুমার দাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

