মনিরুল ইসলাম, নলডাঙ্গা (নাটোর): নাটোরের নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ, ভেজাল ও যৌন উত্তেজক ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দেওয়া হয়।
রোববার (১৪ জুন) দুপুর ২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, অভিযানের সময় এক ভ্রাম্যমাণ ওষুধ বিক্রেতার কাছে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ, ভেজাল ও যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করা হয়। পরে ভোক্তা অধিকার ও ওষুধ-সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তাকে এ জরিমানা করেন।
আটক ব্যক্তি হলেন নাটোর সদর উপজেলার হাজরা এলাকার মৃত ফয়েজ উদ্দিন সরদারের ছেলে ফজল সরদার (৪৮)।
এ সময় নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জুনায়েদ আহমেদ লেলিন বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে প্রায় লক্ষাধিক টাকার জব্দকৃত ভেজাল ওষুধ পুড়িয়ে ধ্বংস করা হয়। তিনি ব্যবসায়ীদের বৈধ ও নির্ধারিত মেয়াদের ওষুধ বিক্রির আহ্বান জানান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান। তিনি অভিযুক্তকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও ওষুধ-সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

