ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়িতে জেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে দিনব্যাপী স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জুন) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ESS)-এর উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।
খাগড়াছড়ি জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের বাস্তবায়নে আয়োজিত এ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনীতে জেলার নির্বাচিত ৯টি স্কুল ও কলেজ অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাসান মারুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। শিক্ষার্থীরা নিজেদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে তাদের মেধাশক্তিকে আরও বিকশিত করছে। আজ তোমরা জেলা পর্যায়ে অংশগ্রহণ করছ, এখান থেকে হয়তো বিভাগীয় পর্যায়েও যাবে। তোমাদের উদ্ভাবনী চিন্তা ও আবিষ্কারের মাধ্যমে একদিন তোমরাই বিশ্বে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তোমাদের অর্জন দেশ ও বিশ্ববাসী যেন মনে রাখে। সেই লক্ষ্যেই সরকার শিক্ষার্থীদের পাশে থেকে বিভিন্ন প্রকল্প ও সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করছে।
এ সময় খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র সিকদারসহ জেলার নির্বাচিত স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

