সর্বশেষ :
19 Oct 2026, Mon

গ্রুপিং রাজনীতির জাঁতাকলে পদহারা নির্যাতিত নেতা আব্দুল আলিম, স্বপ্ন জনপ্রতিনিধি হওয়ার

গ্রুপিং রাজনীতির জাঁতাকলে পদহারা নির্যাতিত নেতা আব্দুল আলিম, স্বপ্ন জনপ্রতিনিধি হওয়ার

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী হাটখোলা বাজার এলাকার পরিচিত মুখ আব্দুল আলিম দীর্ঘদিন ধরে তৃণমূল বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। সরকারবিরোধী রাজনীতি করতে গিয়ে তাকে মামলা-হামলা ও নানা ধরনের নির্যাতনের শিকার হতে হয়েছে। পরিবার-পরিজন নিয়ে স্বাভাবিক জীবনযাপন করলেও রাজনৈতিক কারণে বারবার প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তিনি।

গ্রাম থেকে শহর পর্যন্ত বিএনপির রাজনীতি করতে গিয়ে তাকে একাধিকবার কারাভোগ করতে হয়েছে। বিরোধী দলের নেতা হিসেবে মামলা ও নির্যাতনের শিকার হলেও বিএনপির রাজনীতি থেকে তাকে কখনো একচুলও পিছিয়ে যেতে দেখা যায়নি। দীর্ঘদিন দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও অভ্যন্তরীণ গ্রুপিংয়ের জাঁতাকলে পিষ্ট হয়ে হারিয়েছেন সাংগঠনিক পদ।

আব্দুল আলিম দীর্ঘদিন স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করলেও বর্তমানে তিনি একজন সাধারণ কর্মী। পদ হারিয়েও তিনি দল থেকে সরে দাঁড়াননি। দলের প্রতি আনুগত্য প্রকাশ করে এখনও তিনি সব রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

নির্যাতিত এ নেতার জীবনের শেষ ইচ্ছা জনপ্রতিনিধি হয়ে এলাকার মানুষের সেবা করা। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতাদের প্রতি তার আহ্বান, পদ হারালেও আসন্ন মেম্বার নির্বাচনে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

ছোটবেলা থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আব্দুল আলিম বলেন, জয়পুরহাট-১ আসনের মরহুম তিন সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানী, আব্দুল আলীম ও মোজাহার আলী প্রধানের নির্বাচনী প্রচারণায় আমি সক্রিয় ভূমিকা পালন করেছি। দীর্ঘদিন ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে গ্রাম থেকে শহর পর্যন্ত ধানের শীষের পক্ষে কাজ করেছি।

আলিম অভিযোগ করে বলেন, বিএনপির রাজনীতি করার ‘অপরাধে’ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয় এবং তাকে কারাভোগ করতে হয়। বর্তমানে জেলা থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত বিএনপি একাধিক গ্রুপে বিভক্ত। সেই গ্রুপিংয়ের জাঁতাকলে পড়েই তিনি ওয়ার্ড সভাপতির পদ হারিয়েছেন।

এ বিষয়ে আব্দুল আলিম বলেন, দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে ওয়ার্ড সভাপতির দায়িত্ব পালন করেছি। কিন্তু গ্রুপিং রাজনীতির কারণে পদ হারাতে হয়েছে। তবে পদ হারালেও বিএনপির রাজনীতি থেকে এক বিন্দুও পিছু হটিনি এবং ভবিষ্যতেও দলছুট হব না।

তিনি আরও বলেন, রাজনৈতিক জীবনের নানা চড়াই-উৎরাই পেরিয়ে এখন আমার একটাই চাওয়া- জনপ্রতিনিধি হয়ে এলাকার মানুষের সেবা করা।

পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত এলাকার তৃণমূল পর্যায়ের বিএনপির একজন প্রবীণ কর্মী হিসেবে আব্দুল আলিম স্থানীয়ভাবে সুপরিচিত। দলীয় কোন্দল, মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েও দলের প্রতি তার অনড় অবস্থান স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *