বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধার পলাশবাড়ী ফ্লাইওভারের নিচে দীর্ঘদিন ধরে সারিবদ্ধভাবে বাস দাঁড়িয়ে থাকার কারণে সৃষ্টি হচ্ছিল যানজট, পথচারীদের দুর্ভোগ এবং সড়ক নিরাপত্তাজনিত ঝুঁকি। স্থানীয়দের অভিযোগ ছিল, নির্ধারিত বাসস্ট্যান্ডের বাইরে বাসগুলো ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকায় সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছিল এবং ফ্লাইওভারের নিচের এলাকা কার্যত অস্থায়ী বাস টার্মিনালে পরিণত হয়েছিল।
সম্প্রতি বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ট্রাফিক পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। অভিযানে ফ্লাইওভারের নিচে অবৈধভাবে দাঁড়িয়ে থাকা বাসগুলো সরিয়ে দেওয়া হয় এবং চালক ও পরিবহনসংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
ট্রাফিক বিভাগ জানিয়েছে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ট্রাফিক ব্যবস্থাপনায় নির্ধারিত স্থানের বাইরে যানবাহন দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানো কিংবা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা আইনত দণ্ডনীয় অপরাধ।
ঢাকা থেকে ফেরা যাত্রীরা ট্রাফিক পুলিশের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, দীর্ঘদিনের ভোগান্তির পর প্রশাসনের এমন উদ্যোগ সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়ক হবে। একই সঙ্গে তারা নিয়মিত মনিটরিংয়ের দাবি জানিয়েছেন, যাতে অভিযান শেষ হওয়ার পর পুনরায় আগের পরিস্থিতি ফিরে না আসে।
সচেতন মহল মনে করছে, গণমাধ্যমে জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরা হলে প্রশাসনের নজরদারি বৃদ্ধি পায় এবং সমস্যার দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়। পলাশবাড়ী ফ্লাইওভারের নিচে বাসের অবৈধ অবস্থান অপসারণের ঘটনাও তার একটি উদাহরণ।
স্থানীয়দের প্রত্যাশা, ট্রাফিক পুলিশের চলমান তৎপরতা অব্যাহত থাকবে এবং পলাশবাড়ী শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো যানজটমুক্ত ও নিরাপদ হয়ে উঠবে।

