পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ জন মাদক কারবারিকে আটক করেছে। তারা দীর্ঘদিন ধরে মাদক তৈরি ও বিক্রি করে আসছিল বলে পুলিশ জানিয়েছে। তাদের আটকের ঘটনায় স্থানীয় সচেতন মহলে স্বস্তি ফিরে এসেছে।
অভিযোগ রয়েছে, আটককৃতরা এলাকার যুবক, স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী মানুষের কাছে মাদক সরবরাহ করত। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বাগজানা, আওলাই ও কড়িয়া এলাকার মো. নুর ইসলাম হেদেল, নুর মোহাম্মদ, মো. তামিম, শ্রী অনন্ত, নজরুল এবং মাহবুব আলম।
পাঁচবিবি থানার ওসির নির্দেশনায় সিনিয়র এসআই মো. আসাদ, মো. শরিফুল হোসেন, মো. গাফফার হোসেন, আলমগীর হোসেন, মামুনুর রশিদ, সোহেল রানা এবং এএসআই মো. হুমায়ুন কবির, দুলাল হোসেন, মিল্লাত ও তুহিনসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে মাদকসহ তাদের আটক করে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজ মো. রায়হান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক ৬ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

