সর্বশেষ :
19 Oct 2026, Mon

নলডাঙ্গায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

নলডাঙ্গায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

মনিরুল ইসলাম, নলডাঙ্গা (নাটোর): নাটোরের নলডাঙ্গায় “প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা তামাক ও মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

রবিবার (৩১ মে) সকাল সাড়ে ১১টার দিকে নলডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে র‌্যালি এবং উপজেলা হলরুমে আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

বক্তারা বলেন, তামাক মানব সভ্যতার জন্য একটি নীরব ঘাতক। এটি শুধু একজন ব্যক্তির জীবনই কেড়ে নেয় না, বরং তার পরিবার, সমাজ এবং পরিবেশকেও ধ্বংসের মুখে ঠেলে দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি বছর বিশ্বজুড়ে তামাকজনিত রোগে ৮০ লক্ষাধিক মানুষের অকাল মৃত্যু ঘটে। আমাদের দেশে প্রায় ৪৫ শতাংশ মানুষ ধূমপান করেন। ২০০৭ সালের পর জন্মগ্রহণকারী কোনো শিশুর কাছে তামাকজাত পণ্য বিক্রি বা সরবরাহ করা শাস্তিযোগ্য অপরাধ। ধূমপান স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। তামাকের ধোঁয়ার কারণে ফুসফুস, মুখগহ্বর, কণ্ঠনালী ও খাদ্যনালীর ক্যানসারসহ প্রায় ২০ ধরনের জটিল রোগ হতে পারে। এছাড়া এটি রক্তনালী সংকুচিত করে, ফলে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়।

এ সময় উপস্থিত ছিলেন মো. নূরে আলম (ওসি, নলডাঙ্গা থানা), নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর প্রশাসক এম এ হাফিজ, সরকারি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী সমাজের ব্যক্তিবর্গসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *