ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন পর ফিফা ঘোষণা ২০২৯ সালের ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে গ্রীষ্মে। এতে আয়োজক হওয়ার স্বপ্ন ভেঙে গেলো কাতারের। কারণ দেশটিতে টুর্নামেন্ট আয়োজন করতে হলে সময়সূচি সরিয়ে শীতকালীন সময়ে নিতে হতো, যা ইউরোপীয় লিগগুলোর সূচির সঙ্গে সমস্যা তৈরি করত।
ফিফা এরমধ্যেই মহাদেশীয় কনফেডারেশনগুলোকে নতুন চিন্তাভাবনার কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রে ২০২৫ সালের ৩২ দলের আসরের পর ২৯ সালে দলসংখ্যা বাড়ানোর আলোচনা চলছে। তবে সরাসরি ৪৮ দলে না গিয়ে ধাপে ধাপে সম্প্রসারণের দিকে নজর দিচ্ছে তারা।
আয়োজক হওয়ার দৌড়ে বর্তমানে স্পেন ও মরক্কো এগিয়ে। উল্লেখ্য, ২০৩০ বিশ্বকাপও যৌথভাবে আয়োজন করবে এই দুটি দেশ। যদিও পর্তুগাল সেই আসরে সহ-আয়োজক, তবে ক্লাব বিশ্বকাপ আয়োজন নিয়ে তাদের আগ্রহ তেমন নেই।
খেলোয়াড়দের সুরক্ষা বিবেচনায় ফিফা নতুন কাঠামো প্রণয়নের পরিকল্পনা করছে। প্রস্তাব অনুযায়ী মূল আসর শুরুর আগে এক সপ্তাহের মধ্যে বাছাইপর্ব আয়োজন করা হবে। এতে জয়ী দলগুলো সরাসরি মূল আসরে অংশ নেবে। এর মাধ্যমে কনক্যাকাফ অঞ্চলের মতো শেষ মুহূর্তের জটিলতা এড়ানো সম্ভব হবে।

