সর্বশেষ :
19 Oct 2026, Mon

সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত

সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত

মনিরুল ইসলাম ডাবলু (নাটোর): সৌদি আরবের রিয়াদের মুসাসা এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নাটোরের নলডাঙ্গা উপজেলার তিন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা।

রোববার (৯ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে রিয়াদের মুসাসা এলাকার একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার ৩ নম্বর খাজুরা ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের মো. জাকির আলীর ছেলে মো. শামীম হোসেন (৩৫), খাজুরার শ্রীপুরপাড়া গ্রামের মো. গোলাম রাব্বানীর ছেলে মো. সাব্বির আহমেদ শুভ (৩০) এবং মহিশডাঙ্গা গ্রামের মো. আসলাম হোসেনের ছেলে মো. রবিউল আউয়াল হৃয় (২৫)।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান খান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা জেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। সোমবার (১০ আগস্ট) সকালে আমরা নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানাব। সরকারের পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোহরাব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত তিন যুবকই দারিদ্র্যের সঙ্গে লড়াই করে পরিবারের মুখে হাসি ফোটাতে কয়েক বছর আগে সৌদি আরবে পাড়ি জমান। তারা রিয়াদের খোরদাম শহরের একটি সোফা তৈরির কারখানায় কর্মরত ছিলেন।

রোববার বিকেলে ওই কারখানায় হঠাৎ আগুন লাগে এবং তা দ্রুত ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে। কারখানার ভেতরে কর্মরত অবস্থায় আগুনে পুড়ে তাদের মৃত্যু হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *