আন্তর্জাতিক ডেস্ক: গত ১১ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে ২৫ হাজার ৫৫৩ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ-র বরাত দিয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই খবর জানিয়েছে। দেশব্যাপী ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে যৌথভাবে বিভিন্ন সরকারি ও নিরাপত্তা সংস্থা এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতদের মধ্যে ১২ হাজার ৯৫৮ জন আবাসন আইন, ৪ হাজার ৫৪০ জন সীমান্ত সুরক্ষা আইন এবং ৪ হাজার ১৪০ জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত।
১ হাজার ৩৯১ জনকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেফতার করা হয়। একই সময়ে অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টার অভিযোগে আরও ৩১ জনকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৫৪% ইয়েমেনি এবং ৪৫% ইথিওপিয়ান। বাকিরা অন্যান্য দেশের নাগরিক। আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারী অভিবাসীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ার অভিযোগে ১৯ জন সৌদি নাগরিককেও গ্রেফতার করা হয়েছে।
বর্তমানে ৩২ হাজার ১৪৯ জন অভিবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ চলমান রয়েছে। এর মধ্যে ২৯ হাজার ২৬৫ জন পুরুষ এবং ২ হাজার ৮৮৪ জন নারী। গ্রেফতারকৃতদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। ইতোমধ্যে ১৩ হাজার ৩৭৫ জনকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে।
সৌদি আরবে অবৈধভাবে প্রবেশে সহায়তাকারীর জন্য ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বারবার সতর্ক করে দিয়েছে। সৌদি আরবের গণমাধ্যম নিয়মিতভাবে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চলমান ধরপাকড় অভিযান ও অবৈধ অভিবাসী আটকের খবর প্রকাশ করছে।
-সূত্র: সৌদি প্রেস অ্যাজেন্সি।

