আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান মো. জিয়াউল ফেরদৌস রাইট আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ লক্ষ্যে তিনি ইতোমধ্যে ভোটের মাঠ গোছাতে শুরু করেছেন।
এলাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানে তার সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তিনি দীর্ঘদিন ধরে পাঁচবিবি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছেন। রাজনীতির পাশাপাশি তিনি একজন সফল মিল-চাতাল ব্যবসায়ী।
আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে তিনি দলীয় নেতাকর্মী ও এলাকার সুধীজনদের সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন।
এ বিষয়ে জিয়াউল ফেরদৌস রাইট বলেন, আপনাদের সকলের দোয়া ও সহযোগিতায় উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে পারলে নিজেকে চেয়ারম্যান নয়, বরং উপজেলাবাসীর সেবক হিসেবে কাজ করব।
তিনি আরও বলেন, আমাদের পাঁচবিবি উপজেলা সীমান্তবর্তী হওয়ায় মাদক একটি বড় সমস্যা। নির্বাচিত হলে সকলের সহযোগিতায় মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। কারণ মাদক যুবসমাজসহ পরিবার, সমাজ ও দেশকে ধ্বংস করছে। তাই এই অভিশাপ থেকে উপজেলাকে মাদকমুক্ত করতে হবে। পাশাপাশি চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও দুর্নীতিসহ সব ধরনের অনিয়ম বন্ধে কাজ করা হবে।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও ব্যাপক জনসংযোগের কারণে জিয়াউল ফেরদৌস রাইট এলাকায় একজন পরিচিত মুখ। সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তার নির্বাচনী প্রচারণায় ইতিবাচক প্রভাব ফেলছে বলেও তারা মনে করেন।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মোঃ মাসুদ রানা প্রধান বলেন, দুর্দিনের নেতাকর্মীদের দল যথাযথভাবে মূল্যায়ন করবে।
জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলজার হোসেন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৭ বছরে যারা দলের জন্য কাজ করেছেন এবং হামলা-মামলার শিকার হয়েছেন, দল আগামীতে সেইসব ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করবে।

