মো. রাশেদুল ইসলাম (নাটোর): বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার বলেছেন, এই ১৭টা বছর অনেক কষ্ট করেছেন। আমাদের অনেককে মৃত্যুবরণ করতে হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। অনেককে দিনের পর দিন, মাসের পর মাস জেলখানায় কাটাতে হয়েছে- শুধু এই ১২ তারিখের জন্য, এই একটি নির্বাচনের জন্য। আমাদের মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে। এই সতেরো বছরের কষ্ট-নির্যাতনের নিরসন হবে আগামী ১২ তারিখ।
আজ শনিবার বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজকে বিজয়ী করার লক্ষ্যে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আজিজ, জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি, বনপাড়া পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য অধ্যাপক এম লুৎফর রহমান, বড়াইগ্রাম উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব সামসুল আলম রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনিসহ বিএনপির নেতৃবৃন্দ।

