আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): বুধবার (৪ মার্চ) বিকেলে শ্রীমঙ্গলের রিজিক রেস্টুরেন্টের হলরুমে শ্রীমঙ্গলে কর্মরত বিভিন্ন ব্যাংকের সিনিয়র কর্মকর্তাদের এক সভা অনুষ্ঠিত হয়। স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপক মনিরুল ইসলামের সঞ্চালনায় এবং সোনালী ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক সাফি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে শ্রীমঙ্গলে কর্মরত বিভিন্ন ব্যাংকের শাখা ও উপশাখার ব্যবস্থাপক, ইনচার্জ এবং কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন, রূপালী ব্যাংক শাখার ব্যবস্থাপক গোপাল কৃষ্ণ বণিক, যমুনা ব্যাংক শাখার ব্যবস্থাপক মো. মোশাররফ হোসেন শামিম, সোশ্যাল ইসলামী ব্যাংক শাখার ব্যবস্থাপক মো. কামরুল হাসান, সিটি ব্যাংকের ব্যবস্থাপক শামিম আহমেদ এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপক মুজিবুর রহমানসহ মোট ৩১টি ব্যাংকের প্রতিনিধিরা।
উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে শ্রীমঙ্গল ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এতে জনতা ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিনকে সভাপতি এবং স্ট্যান্ডার্ড ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মনিরুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
উল্লেখ্য, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন শ্রীমঙ্গল ২০১৯ সালে যাত্রা শুরু করে এবং স্থানীয় ব্যাংকিং খাতে সমন্বয় ও পেশাগত সম্পর্ক উন্নয়নে কাজ করে আসছে। সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

