আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ১০ হাজার শলাকা বিদেশি PATRON সিগারেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় কাওসার হোসেন সোহাগ (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এসআই বাবলু কুমার পালসহ পুলিশের একটি দল অভিযান চালায়। শ্রীমঙ্গল পৌরসভার গুহরোডস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসের সামনে পাকা সড়কে অবস্থানকালে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত সোহাগের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার সবুজবাগ এলাকায়।
অভিযানকালে পুলিশ তার হেফাজত থেকে ১০,০০০ শলাকা বিদেশি সিগারেট উদ্ধার করে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। পুলিশ জানায়, সে সহযোগীদের সহায়তায় চোরাচালানের মাধ্যমে এসব সিগারেট বাংলাদেশে এনেছে।
ঘটনার পর গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

