বেলাল আহমদ, লামা (বান্দরবান): বান্দরবানের লামা পৌরসভায় ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত এবং ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন অর্থবছরের জন্য সর্বমোট ১১ কোটি ২৩ লাখ ৩ হাজার ৬১৩ টাকার বাজেট ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টা ৩০ মিনিটে লামা পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মো. মঈন উদ্দিন।
এ বছরের মোট রাজস্ব আয়ের পরিমাণ ২ কোটি ৩৩ লাখ ৬৩ হাজার ৭২২ টাকা। মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২ কোটি ১৯ লাখ ৩০ হাজার টাকা। সমাপনী স্থিতি থাকবে ১৪ লাখ ৩৩ হাজার ৭২২ টাকা। রাজস্ব খাতে উল্লেখযোগ্য ব্যয়ের মধ্যে সাধারণ সংস্থাপন শাখার জন্য ১ কোটি ৬৮ লাখ ৬০ হাজার টাকা, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালি খাতে ২৫ লাখ ২০ হাজার টাকা এবং শিক্ষা খাতে ২ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া পানি সরবরাহ ব্যয়সহ প্রয়োজনীয় অন্যান্য খাতেও বরাদ্দ রাখা হয়েছে।
উন্নয়ন খাতে মোট আয় ও ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৭০ লাখ টাকা। আয় বিবরণীতে সরকার প্রদত্ত উন্নয়ন সহায়তা মঞ্জুরি ১ কোটি টাকা, কোভিড-১৯ রিকভারি প্রকল্প বাবদ ৩ কোটি টাকা, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে ৫০ লাখ টাকা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে ৫০ লাখ টাকা, লামা পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্পে (সরকার কর্তৃক বিশেষ বরাদ্দ) ২০ লাখ টাকা, পৌর ভবন সম্প্রসারণে ৫০ লাখ টাকা এবং গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ৩ কোটি টাকা আয় ধরা হয়েছে।
ব্যয় বিবরণীতে অবকাঠামো উন্নয়নে ৫ কোটি ৪০ লাখ টাকা, পৌর ভবন সম্প্রসারণ ও সংস্কার, স্টাফ ডরমিটরি নির্মাণ, পৌর ভবনের বাউন্ডারি ওয়াল নির্মাণ এবং মার্কেট নির্মাণ বাবদ ১ কোটি ৩০ লাখ টাকা এবং অন্যান্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য ১ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
পৌর প্রশাসক মো. মঈন উদ্দিন ঘোষিত বাজেটের সফল বাস্তবায়নের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগের সচিবসহ লামা পৌরসভার সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. কায়ছার হামিদ, সাবেক মেয়র আমির হোসেন আমু, কাজী মুহাম্মদ ইব্রাহীম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লামা উপজেলা শাখার আমির, সাবেক উপজেলা বিএনপির সভাপতি আবদুর রব, লামা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

