বেলাল আহমদ, লামা (বান্দরবান): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনমত গঠন ও নিজেদের শক্তি প্রদর্শনের লক্ষ্যে বান্দরবানের লামা উপজেলায় বিশাল গণসংযোগ ও গণমিছিল কর্মসূচি পালন করেছে ১১ দলীয় জোট। রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জোটের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো উপজেলায় এক উৎসবমুখর নির্বাচনী আমেজ লক্ষ্য করা গেছে।
জোটের পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার দুপুর থেকে উপজেলার বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীরা সমবেত হতে থাকেন। পরে একটি বিশাল গণমিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মিছিলে অংশগ্রহণকারীদের মুখে জোটের সমর্থনে বিভিন্ন স্লোগান শোনা যায়। এলাকার সাধারণ মানুষের মাঝে এই কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে, যা পুরো এলাকায় একটি নির্বাচনী আবহ তৈরি করেছে।
উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক মংসাপ্রু চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন লামা উপজেলা জামায়াতে ইসলামের আমীর কাজী মো. ইব্রাহিম, লামা উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাজমুল হাসানসহ অনেকে।
এ সময় বান্দরবান-৩০০ আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন বলেন, আপনারা আমাকে ভোট দিন। আমি সরকারি সেবাসহ সব ধরনের সেবা আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেব। আমি এমপি হলে আপনারা অফিসে এলে অপেক্ষা করতে হবে না; আমি এগিয়ে গিয়ে কাজ করে দেব। আমাকে একবার ভোট দিয়ে সুযোগ দিন। আজ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পরিবর্তনের প্রত্যাশার বহিঃপ্রকাশ।
তিনি আরও জানান, দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধ।
জনগণের দাবি আদায়ে আমাদের এই ঐক্যবদ্ধ আন্দোলন চলবে। আজকের এই জনস্রোত প্রমাণ করে, মানুষ পরিবর্তন চায়।

