বেলাল আহমদ, লামা (বান্দরবান): বান্দরবানের লামা উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে স্থাপিত মোট ১৪৪টি কেন্দ্রের মাধ্যমে রোববার (২৮ জুন) সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়। এবারের ক্যাম্পেইনে উপজেলায় মোট ২৪ হাজার ৩৭২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, রাতকানা রোগ প্রতিরোধ এবং পুষ্টিহীনতা দূরীকরণে ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, সবল ও রোগমুক্ত রাখতে নির্ধারিত বয়সের কোনো শিশুই যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের নিরলস সহযোগিতায় উপজেলার প্রতিটি কেন্দ্রে সুশৃঙ্খলভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলায়মান আহমেদ, শিশু বিশেষজ্ঞ (কনসালট্যান্ট) ডা. আব্দুল খালেক এবং মেডিকেল অফিসার ডা. ফরহাদ।
এ ছাড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক, কর্মকর্তা, নার্স এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

