বেলাল আহমদ, লামা (বান্দরবান): বান্দরবানের লামা পৌরসভার কুঠালিয়ার টেক এলাকায় ৫নং ওয়ার্ড যুবদল নেতা শাহীন আলমকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার (৫ এপ্রিল) সকালে ভিকটিমের নিজ তামাক ক্ষেতে এই হামলার ঘটনা ঘটে।
এই ঘটনায় ভিকটিম শাহীন আলম বাদী হয়ে লামা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে একই এলাকার মৃত সেয়া মিয়ার ছেলে মো. আনু মিয়া, তার ছেলে মো. নূরুন্নবী ও মেয়ে নাজমা আক্তারসহ অজ্ঞাতনামা আরও ৫/৭ জনকে বিবাদী করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার সকালে শাহীন আলম তার তামাক ক্ষেতে কাজ করতে গেলে বিবাদীরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করেন।
ভুক্তভোগী শাহীন আলম বলেন, বিবাদীরা দীর্ঘদিন ধরে আমার সঙ্গে বিরোধ চালিয়ে আসছিল। আজ সকালে আমি ক্ষেতে কাজ করার সময় তারা হঠাৎ করে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। আমি ২০২৫ সালে তামাক চাষের জন্য আরফাত আলীর কাছ থেকে নগদ ১২ হাজার টাকায় ০.২০ একর জমি খাজনা নিই। কিন্তু ১নং ও ২নং বিবাদী রাগান্বিত হয়ে এসে প্রথমে আমাকে দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে ডান পায়ে আঘাত করে। পরে কিল-ঘুষি মেরে আমাকে তামাক চুল্লির পাশে অজ্ঞান করে ফেলে রেখে যায়। এ সময় ৩নং বিবাদীসহ তার আত্মীয়-স্বজনরা মিলে আমার আবাদ করা তামাক ক্ষেত সম্পূর্ণরূপে নষ্ট করে ফেলে, যার আনুমানিক ক্ষতি প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান কামাল জানান, হামলার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

