লামা (বান্দরবান): বান্দরবানের লামা উপজেলায় ফ্যামিলি কার্ডের ‘তথ্য সংগ্রহকারী’ ও ‘সুপারভাইজার’ পদে নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়ম, স্থগিত ও নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের অগ্রাধিকার প্রদান এবং একই পরিবার থেকে একাধিক সদস্যকে চূড়ান্তভাবে মনোনীত করার অভিযোগ উঠেছে।
বুধবার (২৯ জুলাই) এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রকাশিত চূড়ান্ত ফলাফল স্থগিতের দাবিতে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। লামা উপজেলার সাধারণ বাসিন্দাদের পক্ষে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ তথ্য সংগ্রহকারী পদপ্রার্থী ও ছাত্রদল নেতা ইমন শরীফ অভিযোগপত্রটি জমা দেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ২২ জুলাই ২০২৬ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে ২৮ জুলাই ২০২৬ তারিখে উক্ত পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার পর ইউএনও কার্যালয় থেকে প্রকাশিত চূড়ান্ত ফলাফলে স্থগিত ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের একাধিক নেতাকর্মী এবং তাদের পরিবারের সদস্যদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, প্রকাশিত তালিকায় অর্ধেকেরও বেশি সদস্য আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত অথবা তাদের পরিবারের সদস্য। চূড়ান্ত তালিকায় স্থান পাওয়া বিতর্কিত ব্যক্তিরা বিগত জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি ও ফ্যামিলি কার্ড কর্মসূচির বিষয়ে অপপ্রচার চালিয়েছিলেন এবং এর বিরোধিতা করেছিলেন। এ ধরনের বিতর্কিত নিয়োগের ঘটনায় লামার স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
অভিযোগকারী ইমন শরীফ প্রকাশিত বিতর্কিত নিয়োগ তালিকা অবিলম্বে স্থগিত করার জোর দাবি জানিয়ে বলেন, বিতর্কিত ব্যক্তি এবং একই পরিবারের একাধিক সদস্যকে বাদ দিয়ে মেধাবী ও ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া জরুরি।
লিখিত অভিযোগের অনুলিপি প্রয়োজনীয় অবগতির জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা/মন্ত্রী, ৩০০ নম্বর বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক বরাবর প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর অতিরিক্ত দায়িত্বে থাকা মনজুর আলম বলেন, অভিযোগের বিষয়ে আমি অবগত নই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

