বেলাল আহমদ, লামা (বান্দরবান): বান্দরবানের লামা পৌর এলাকার সাম্প্রতিক বন্যার ধকল কাটিয়ে উঠতে এক অনন্য ও প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় তরুণরা। পৌরসভার মধ্যম চেয়ারম্যানপাড়া এলাকার সড়কে জমে থাকা ভারী কাদামাটি নিজেরাই মিলেমিশে পরিষ্কার করার উদ্যোগ নিয়েছেন এলাকার যুবসমাজ।
সরেজমিনে জানা যায়, সাম্প্রতিক বন্যার পানি নেমে যাওয়ার পর মধ্যম চেয়ারম্যানপাড়া এলাকার প্রধান সড়কটিতে পুরু কাদামাটির আস্তরণ তৈরি হয়। এতে যানবাহন চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাচলও কঠিন হয়ে পড়ে। চরম দুর্ভোগে পড়েন এলাকাবাসী। এ পরিস্থিতিতে কোনো সরকারি বা প্রাতিষ্ঠানিক উদ্যোগের অপেক্ষায় না থেকে এলাকার যুবকরা স্বতঃস্ফূর্তভাবে কোদাল, ঝুড়ি ও পরিষ্কার-পরিচ্ছন্নতার সরঞ্জাম নিয়ে সড়কটি সচল করতে নেমে পড়েন। তাদের এই সম্মিলিত উদ্যোগ ও স্বেচ্ছাসেবী মনোভাব পুরো এলাকায় ব্যাপক প্রশংসিত হচ্ছে।
এদিকে যুবকদের এই মহতী উদ্যোগের খবর পেয়ে তাদের উৎসাহ দিতে এবং পাশে দাঁড়াতে ছুটে যান লামা উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ আলী মিয়ার সুযোগ্য সন্তান, বিশিষ্ট সমাজসেবক আলহাজ আইয়ুব আলী কোম্পানি।
তিনি ঘটনাস্থলে গিয়ে যুবকদের এই প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানান এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি যুবকদের সঙ্গে সংহতি প্রকাশ করে বলেন, এলাকার তরুণরাই আমাদের শক্তি। কোনো দুর্যোগে শুধু প্রশাসনের দিকে চেয়ে না থেকে নিজেদের দায়িত্ববোধ থেকে যুবকরা যেভাবে এগিয়ে এসেছে, তা সত্যিই অনুকরণীয়। এই যুবকদের পাশে থাকা এবং তাদের যেকোনো ভালো কাজে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব।
আইয়ুব আলী কোম্পানি যুবকদের এই কাজের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান এবং ভবিষ্যতে এলাকার যেকোনো উন্নয়ন ও মানবিক সংকটে তাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সমাজসেবকের এমন আন্তরিক উপস্থিতি ও দিকনির্দেশনা তরুণদের কাজের উদ্দীপনা আরও বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

