বেলাল আহমদ, লামা (বান্দরবান): বান্দরবান-এর লামা থানার পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত ২ জনসহ মোট ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১১ মে) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুম সরদার এবং লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল-এর তত্ত্বাবধানে ওয়ারেন্ট তামিলের জন্য এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রহিম উদ্দিন, রূপসীপাড়া ইউনিয়নের উত্তর দরদরী হেডম্যানপাড়ার মৃত নুরুল কবিরের ছেলে। তিনি জিআর-৯৬/২১ মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি; মো. আজাদ হোসেন (৩৩), লামা পৌরসভার বড় নুনার বিল এলাকার মো. শাহ আলমের ছেলে। তিনি জিআর-১০৪/২২ মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি; আলাউদ্দিন, ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘিলাতলী পাড়া এলাকার আবু ছালেহর ছেলে। তিনি জিআর-১২২/১৮ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি; এছাড়া এজাহারভুক্ত আসামি বধু মিয়া (৫০), পিতা গন্নো মিয়া (প্রকাশ গুন্না), বাম হাতিরছড়া ইউনিয়নের ফাঁসিয়াখালী এলাকার বাসিন্দা।
সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

