সর্বশেষ :
20 Oct 2026, Tue

লামায় পাহাড় ধসে ৫ জনের মৃত্যু, সরেজমিনে পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরি

লামায় পাহাড় ধসে ৫ জনের মৃত্যু, সরেজমিনে পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরি

বেলাল আহমদ, লামা (বান্দরবান): বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে পাহাড়ধসে নিহত পরিবারের খোঁজখবর নিয়েছেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য (এমপি) সাচিং প্রু জেরি। শনিবার (১১ জুলাই) সকাল ১১টায় তিনি আজিজনগর মিশনপাড়ায় পাহাড়ধসের স্থানটি সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে এমপি সাচিং প্রু জেরি নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে গভীর সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নিহত দুই পরিবারের মাঝে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকার আর্থিক সহায়তা নিজ হাতে তুলে দেন।

আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন, লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইছার হামিদ, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব নাজেমুল ইসলাম চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন আমু এবং উপজেলা ও ইউনিয়ন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

এমপি সাচিং প্রু জেরি বলেন, দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমি আজ এই ক্ষতিগ্রস্ত এলাকায় এসেছি এবং তাঁর প্রেরিত আর্থিক সহায়তা নিহত পরিবারের হাতে তুলে দিয়েছি।

প্রাকৃতিক দুর্যোগ প্রসঙ্গে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করা সম্ভব নয়, তবে সচেতনতার মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসরত জনগণকে সতর্ক করা হয়েছে।

পরে তিনি আজিজনগর চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের উত্তর সীমানার ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন এবং ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

সংসদ সদস্য আরও জানান, সরকারের পক্ষ থেকে আজিজনগরের ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের জন্য জরুরি খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। পরে তিনি লামা ও আলীকদম উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *