সর্বশেষ :
19 Oct 2026, Mon

লামায় পাওনা টাকা চাওয়ায় হামলা ও ছিনতাইয়ের অভিযোগ

লামায় পাওনা টাকা চাওয়ায় হামলা ও ছিনতাইয়ের অভিযোগ

লামা (বান্দরবান): বান্দরবানের লামা উপজেলায় কাঠ বিক্রির পাওনা টাকা চাওয়ায় ওসমান গণি (২৮) নামের এক ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর এবং নগদ টাকা ছিনতাইয়ের গুরুতর অভিযোগ উঠেছে। শনিবার (২৫ জুলাই) দুপুর আনুমানিক ১২টায় লামা পৌরসভার চাম্পাতলী মোড়সংলগ্ন কিরণের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

আহত ওসমান গণি লামা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকার মৃত মো. সোলাইমানের ছেলে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী মো. আবু মুছা (২৭)-এর কাছে কাঠ বিক্রির বাবদ ৬৮ হাজার ১৮০ টাকা পাওনা ছিলেন ওসমান গণি। দীর্ঘদিন ধরে ওই টাকা পরিশোধ না করে টালবাহানা ও হয়রানি করে আসছিলেন আবু মুছা। ২৫ জুলাই দুপুরে আবু মুছা মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ওসমান গণি তাঁকে থামিয়ে পাওনা টাকা দাবি করেন। এতে ক্ষিপ্ত হয়ে আবু মুছা গালিগালাজ শুরু করেন এবং মুঠোফোনে খবর দিয়ে তাঁর সহযোগীদের ঘটনাস্থলে ডেকে আনেন।

খবর পেয়ে অন্য বিবাদীরা স্টিলের পাইপ ও মোটা গাছের বাটাম নিয়ে ঘটনাস্থলে এসে ওসমান গণির ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাঁর বুক, পিঠ, কোমর, পা, হাত ও কাঁধসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করে গুরুতর নীলাফুলা জখম করে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, মারধরের একপর্যায়ে ১ নম্বর বিবাদী মাহফুজ (২২) ভুক্তভোগীর পকেটে থাকা ৩৫ হাজার ২৩০ টাকা ছিনিয়ে নেয়।

এ ঘটনায় মাহফুজ (২২), মো. নাছির (৪৮), মাছুম (২৪), মো. আবু মুছা (২৭), মো. সোহেল (২১) এবং অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৭ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওসমান গণি।

স্থানীয়রা এগিয়ে এসে ভুক্তভোগীকে উদ্ধার করলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে ফেরার পথে লামা বাজারে পুনরায় ভুক্তভোগীকে দেখতে পেয়ে তারা আবারও গালিগালাজ ও মারধরের চেষ্টা চালায়।

এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ছার হামিদ বলেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *