কুমিল্লা: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১, সিপিসি-২ এর একটি বিশেষ দল গত ২৬ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমড়াতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ স্কাফ সহ সাদেকুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে গ্রেফতারকৃত আসামীর হেফাজত থেকে ৩৩০ বোতল স্কাফ এবং মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি ইজিবাইক উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সাদেকুল ইসলাম নেত্রকোনা জেলার দূর্গাপুর থানার কালিকাবর গ্রামের মৃত আঃ সাত্তার এর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য স্কাফ সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছিল।
র্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের ধারাবাহিক অভিযান চলছে এবং এই অভিযান তারই অংশ। মাদকের বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, র্যাব-১১ তাদের দায়িত্বপূর্ণ এলাকায় অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ হতে অদ্যবধি পরিচালিত বিভিন্ন অভিযানে তারা চাঞ্চল্যকর অপরাধী ২১৪ জন সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত শীর্ষ আসামী ০১ জন, আরসা সদস্য-১৫ জন এবং জঙ্গি-০২ জনকে গ্রেফতার করেছে।
এছাড়াও, হত্যা মামলায় ১৮১ জন, ধর্ষণ মামলায় ৮৪ জন, এবং অস্ত্র সংক্রান্ত মামলায় ২৬ জন গ্রেফতারসহ ১০৫ টি অস্ত্র ও ১৩৪৮ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব। ৪১১ জনের অধিক মাদক কারবারিকে গ্রেফতার করে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের পাশাপাশি ৭৩ জন অপহরণকারীকে গ্রেফতার করে ৭৮ জন ভিকটিমকে উদ্ধার করেছে তারা। ছিনতাইকারী ও ডাকাত ৮২ জন, জেল পলাতক ৩৯ জন, প্রতারণার আসামী ১৭ জনসহ প্রায় ৪৮১ জন অন্যান্য অপরাধীকে গ্রেফতার করে র্যাব-১১ আইনের আওতায় এনেছে।
সূত্র: RAB 11, Narayanganj

