সর্বশেষ :
19 Oct 2026, Mon

মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেট কারসহ ৫ জন গ্রেফতার

মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেট কারসহ ৫ জন গ্রেফতার

আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): মৌলভীবাজার সদর উপজেলার আখানগীরী গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে একটি প্রাইভেট কার এবং বিভিন্ন সরঞ্জাম ও দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই জাকির হোসেন রুবেলসহ পুলিশের একটি টিম আখানগীরী গ্রামের কালেকা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। ঘটনাস্থলে পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় ৫ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার বিরাট (হাসামপুর) গ্রামের সেলিম মিয়া (৩৫), মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার উত্তর পাচাউন গ্রামের শাহ ইকবাল হোসেন (৩৭), মৌলভীবাজার সদর থানার শ্রীরাইনগর গ্রামের মবিল খান (৪৮), সিলেট জেলার বালাগঞ্জ থানার নসিয়ারপুর (নসিবপুর) গ্রামের শাহেদ মিয়া (২৬) এবং মৌলভীবাজার সদর থানার পতন (শাহবন্দর) গ্রামের মো. অভি (২৪)।

অভিযানকালে তাদের ব্যবহৃত প্রাইভেট কারটি এবং গাড়ির ভেতর থেকে ১টি কাটার মেশিন, ১টি ধারালো দা, ১টি ছুরি, ১টি লোহার পাইপ, ১টি বাঁশের লাঠি এবং প্রায় ২৫ ফুট দীর্ঘ একটি রশি উদ্ধার করে জব্দ করা হয়।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্ত ও থানা রেকর্ড পর্যালোচনায় আটককৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য বলে ধারণা করা হচ্ছে, যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত।

গ্রেফতারকৃত শাহ ইকবাল হোসেনের বিরুদ্ধে মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট জেলায় চুরি, নারী নির্যাতনসহ ১১টি মামলা রয়েছে। এছাড়া সেলিম মিয়ার বিরুদ্ধে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় চুরি ও ডাকাতিসহ ৫টি মামলা রয়েছে। এর পাশাপাশি মবিল খান ও শাহেদ মিয়ার বিরুদ্ধেও একাধিক চুরির মামলার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *