ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর বসিলা এলাকায় ইব্রাহিম খলিল শুভ নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের মোহাম্মদপুর থানার সমন্বয়ক এবং জুলাই হত্যা মামলার সাক্ষী বলে জানা গেছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বসিলা এলাকার একটি চা দোকানে বসে থাকা অবস্থায় ৪-৫ জন দুর্বৃত্ত বোরকা ও মাস্ক পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), পঙ্গু হাসপাতাল-এ নিয়ে যায়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
ইব্রাহিমের স্বজনদের দাবি, জুলাই হত্যা মামলার সাক্ষী হওয়ায় তার ওপর হামলা করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, নির্বাচন-পরবর্তী সময়ে একটি চক্র দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। পাশাপাশি স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেও হামলার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

