সর্বশেষ :
19 Oct 2026, Mon

মৃত সেজেও শেষ রক্ষা হলো না: দোহারে খুনের আসামী নয়ন গ্রেফতার

মৃত সেজেও শেষ রক্ষা হলো না: দোহারে জোড়া খুনের আসামী নয়ন গ্রেফতার

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার আলোচিত রশীদ বেপারী হত্যা মামলার অন্যতম আসামী এবং অন্য একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী নয়নকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। দীর্ঘদিন নিজেকে মৃত বলে গুজব ছড়িয়ে আত্মগোপনে থাকার পর অবশেষে পুলিশের খাঁচায় ধরা পড়ল এই দুর্ধর্ষ অপরাধী।

গ্রেফতারকৃত নয়ন দোহার উপজেলার গাজীরটেক গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নয়ন অত্যন্ত চতুরতার সাথে এলাকায় নিজের মৃত্যুর খবর ছড়িয়ে দিয়েছিল। দীর্ঘ সময় তার কোনো খোঁজ না থাকায় সাধারণ মানুষের মধ্যে ধারণা তৈরি হয় যে সে মারা গেছে। মূলত আইনি প্রক্রিয়ার হাত থেকে বাঁচতে এবং যাবজ্জীবন কারাদণ্ড এড়াতেই এই ‘মৃত্যু গুজব’ ছড়ানো হয়েছিল।

গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানা পুলিশ নিশ্চিত হয় যে, নয়ন আসলে জীবিত এবং ছদ্মবেশে অবস্থান করছে। এরপর বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। নয়ন দোহারের নিকড়া এলাকার বাসিন্দা রশীদ বেপারী হত্যা মামলার আসামী হওয়ার পাশাপাশি অন্য একটি মামলায় আদালত কর্তৃক যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ছিলেন।

দোহার থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, নয়নের নামে একাধিক মামলা চলমান রয়েছে। সে এতদিন সুকৌশলে নিজেকে মৃত দাবি করে আসছিল। গ্রেফতারের পর তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *