মুন্সীগঞ্জ: মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৪ অক্টোবর) মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত কলমা, গাওদিয়া ও বেজগাঁও সংলগ্ন এলাকায় এই অভিযান চলে। অভিযানকালে নিষিদ্ধ সময়ে নদীতে মাছ ধরার অপরাধে ৭ জন জেলেকে আটক করা হয়। এ সময় আনুমানিক দেড় লক্ষ মিটার অবৈধ কারেন্ট জালও জব্দ করা হয়।
আটককৃত জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠানো হয়েছে। জব্দ করা অবৈধ জাল তাৎক্ষণিকভাবে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মাসুদ পারভেজ এই অভিযান পরিচালনা করেন। মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

