দোহার (ঢাকা): ঢাকার দোহারে মায়ের সঙ্গে অভিমান করে স্বপ্না আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে উপজেলার নটাখোলা বিলপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত স্বপ্না আক্তার প্রবাসী মো. শরীফ ও মুক্তি বেগম দম্পতির মেয়ে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে স্কুলে যাওয়া ও পড়াশোনা সংক্রান্ত বিষয় নিয়ে স্বপ্নার সঙ্গে তার মায়ের কথা-কাটাকাটি চলছিল। এরই জেরে মঙ্গলবার সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটে নিজ ঘরের ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে স্বপ্না।
ঘটনার পর পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন এবং দ্রুত দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে দোহার থানা পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করে।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

