দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার নারিশা পশ্চিমচর এলাকায় অবস্থিত দারুল উলূম কওমিয়া মাদ্রাসা (বেপারী বাড়ি মাদ্রাসা)-সংলগ্ন ময়লা-আবর্জনা ফেলার স্থানে বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছে তীব্র দুর্গন্ধ। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই স্থানে ময়লা-আবর্জনা জমে থাকায় বৃষ্টির পানির সঙ্গে মিশে দুর্গন্ধ আরও তীব্র আকার ধারণ করেছে। বিষয়টি নিয়ে এলাকার কয়েকজন তরুণ মাদ্রাসা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কমিটিকে অবহিত করলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।

এলাকাবাসী জানান, দুর্গন্ধযুক্ত স্থানটির পাশ দিয়েই প্রতিদিন অসংখ্য মুসল্লি মসজিদে যাতায়াত করেন। এছাড়া আশপাশের বাসিন্দারাও প্রতিনিয়ত দুর্গন্ধের কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এতে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি হচ্ছে বলে মনে করছেন তারা।

এ বিষয়ে স্থানীয়দের দাবি, পরিবেশ ও জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে দারুল উলূম কওমিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক, যাতে ময়লা-আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়িয়ে না পড়ে এবং এলাকার মানুষ স্বস্তিতে চলাচল করতে পারেন।

