পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: মাদক, মোবাইলে গেম ও ক্যাসিনোর মতো ক্ষতিকর দিক থেকে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও যুব সমাজকে খেলার মাঠে ফেরাতে এক সময়ের মাঠ কাঁপানো সাবেক খেলোয়াড়েরা আবারও ফুটবল খেললেন। প্রবীণ খেলোয়াড়েরা মনে করেন, সুস্থ-সবল শরীর ও মন গঠনে খেলাধুলার বিকল্প কিছু নেই। এছাড়া মাদক যুবসমাজকে ধ্বংস করে এবং ভবিষ্যৎ জীবনে অন্ধকার নেমে আসে। এসবের থাবা থেকে যুবকদের রক্ষা করতে এবং উদ্বুদ্ধ করতেই প্রবীণ খেলোয়াড়েরা ফুটবল খেলেন।
গত শুক্রবার বিকেলে পাঁচবিবি স্টেডিয়ামে ‘তামিম স্মৃতি ফুটবল একাদশ রাজশাহী আমবাগান সোনালী অতীত’ বনাম ‘পাঁচবিবি সোনালী অতীত ফুটবল একাদশ’ এর মধ্যে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। পাঁচবিবি সোনালী অতীত ফুটবল একাদশের আয়োজনে টুর্নামেন্টে উভয় দল নির্ধারিত সময়ে গোলশূন্যভাবে খেলা শেষ করে। আলোর স্বল্পতার কারণে আয়োজক কমিটি ও রেফারি যৌথভাবে উভয় দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করেন।
টুর্নামেন্টটির শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, জেলা জামায়াতের নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোস্তফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পাঁচবিবি সোনালী অতীত ফুটবল একাদশের প্রধান উপদেষ্টা মো. আনোয়ার হোসেন দোলন ও ফুটবল পাগল মো. জাহিদুর রহমান অশ্রু, সংগঠনের সভাপতি প্রীতিরঞ্জন দাস পল্টু এবং ক্রীড়া সম্পাদক মো. মেহেদী হাসান।
ব্যতিক্রমধর্মী প্রবীণ খেলোয়াড়দের খেলা দেখতে হাজার হাজার ফুটবলপ্রেমী মাঠে উপস্থিত হন।

