রায়গঞ্জ (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি মসজিদের ভেতরে চেয়ার, টেবিল ও সোফা বসিয়ে বিএনপির স্থানীয় সংসদ সদস্য মো. আয়নুল হকের একটি কর্মসূচি অনুষ্ঠিত হওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। তবে বিএনপির স্থানীয় নেতাদের দাবি, অনুষ্ঠানটি মসজিদ ও মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজন করা হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের কোদলা কওমিয়া মাদ্রাসা জামে মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে সংসদ সদস্য মো. আয়নুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম বলেন, কোদলা কওমিয়া মাদ্রাসা ও জামে মসজিদ পরিচালনায় বিপুল অর্থ বকেয়া রয়েছে। তা পরিশোধে সহযোগিতা চেয়ে মসজিদ ও মাদ্রাসা কর্তৃপক্ষ এমপি আয়নুল হকসহ তাঁদের আমন্ত্রণ জানায়।
তিনি বলেন, সেখানে গিয়ে মসজিদের ভেতরে চেয়ার ও সোফা বসানো অবস্থায় দেখতে পান তারা। এটি রাজনৈতিক কর্মসূচি না হওয়ায় তাঁরা আপত্তি করেননি। অনুষ্ঠানে মূলত মসজিদ-মাদ্রাসার উন্নয়ন ও ধর্মীয় বিষয়ে আলোচনা হয়েছে।
জানা গেছে, মো. আয়নুল হক বর্তমানে জেলা বিএনপি, সিরাজগঞ্জের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। এছাড়া চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজ থেকে তিনি তিনবার ভিপি নির্বাচিত হন।

