দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১১ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে দোহার থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- সোহাগ (১৯), নিরব (২০), মো. সাইরাজ (১৮), মোহাম্মদ আলী (১৮), সাইদুল ইসলাম (১৯), মাসুম ইকরাম উজ্জ্বল (৩৩), মো. সবুজ খান (২৫), দুদু মিয়া (৫৫), মো. কামাল (২০), মো. জলিল (২৪) এবং মনির হোসেন (১৯)।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে মনির হোসেন নবাবগঞ্জ উপজেলার সুপরিয়া গ্রামের বাসিন্দা। বাকিরা দোহার উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ছয়জন ওয়ারেন্টভুক্ত আসামি, তিনজন চোরচক্রের সদস্য, একজন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য এবং একজন পূর্বের মামলার আসামি।
অভিযানকালে চোরাইকৃত দুটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

