সর্বশেষ :
19 Oct 2026, Mon

মিজানুর রহমান আজহারির অস্ট্রেলিয়ায় ভিসা বাতিল, দেশত্যাগের নির্দেশ

বিতর্কিত মন্তব্যের জেরে অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ মাওলানা মিজানুর রহমান আজহারিকে

বিতর্কিত বক্তব্যের অভিযোগে বাংলাদেশের আলোচিত ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। বুধবার (১ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল-এর এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, তাকে অবিলম্বে অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

মাওলানা আজহারি তার ‘লিগ্যাসি অব ফেইথ’ শীর্ষক সিরিজের অংশ হিসেবে ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরা সফরে ছিলেন। তবে তার বিভিন্ন বক্তব্যে ইহুদিবিদ্বেষী ও বিতর্কিত মন্তব্যের অভিযোগ ওঠে।

প্রতিবেদন অনুযায়ী, তিনি অ্যাডলফ হিটলারকে ইহুদিদের জন্য ‘ঐশ্বরিক শাস্তি’ হিসেবে বর্ণনা করেন। এছাড়া এইডসসহ বিশ্বের বিভিন্ন সমস্যার জন্য ইহুদিদের দায়ী করে আপত্তিকর মন্তব্য করেন। তিনি দাবি করেন, এসব রোগের বিস্তার বা আবিষ্কারের পেছনেও তাদের ভূমিকা রয়েছে।

অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম জানান, আজহারির সফর নিয়ে আগেই উদ্বেগ জানানো হয়েছিল। বাংলাদেশভিত্তিক ‘অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ’সহ বিভিন্ন সংগঠন তার উস্কানিমূলক বক্তব্যের বিষয়ে সংসদ সদস্যদের সতর্ক করেছিল।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গত সোমবার ব্রিসবেনে বক্তব্য দেওয়ার পর মঙ্গলবার তার ভিসা বাতিল করা হয়। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৩ এপ্রিল মেলবোর্ন, ৪ এপ্রিল সিডনি এবং ৬ এপ্রিল ক্যানবেরায় তার কর্মসূচি পালনের কথা থাকলেও ভিসা বাতিলের ফলে বর্তমানে তিনি দেশত্যাগের অপেক্ষায় রয়েছেন।

এ ঘটনায় দেশি-বিদেশি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *