সর্বশেষ :
19 Oct 2026, Mon

বান্দরবানে ১১ লাখ ৩৮ হাজার টাকার জাল নোটসহ ৩ জন আটক

বান্দরবানে ১১ লাখ ৩৮ হাজার টাকার জাল নোটসহ ৩ জন আটক

বেলাল আহমদ (বান্দরবান): বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় দীর্ঘদিন ধরে সক্রিয় একটি সংঘবদ্ধ জাল নোট চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জাল নোটসহ তিনজন পেশাদার জাল টাকা কারবারিকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বান্দরবান জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মো. আবদুর রহমান।

আটককৃতরা হলেন- উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট ব্লকের বাসিন্দা হাবিব উল্লাহ (১৯), আলী জোহার (২৮) এবং কুতুপালং পশ্চিম পাড়ার বাসিন্দা মো. আবুল হাশেম (৩২)।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে জাল নোটের কারবার চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের সীমান্তবর্তী ওয়াচ্ছাখালী এলাকায় নূরুল ইসলামের দোকানের সামনে জাল টাকা হাতবদলের সময় পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় পাচারকারী চক্রের কাছ থেকে ১১ লাখ ৩৮ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে দুজন রোহিঙ্গা সহোদর ভাই বলে জানা গেছে। এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার মো. আবদুর রহমান বলেন, জেলা পুলিশ জাল নোটসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে দুজন রোহিঙ্গা সহোদর ভাই এবং অপরজন একজন সিএনজি চালক। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্তপূর্বক জাল টাকা কোথায় ছাপানো হচ্ছে—দেশের ভেতরে নাকি বিদেশে- তা খতিয়ে দেখা হচ্ছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *