মনিরুল ইসলাম তালুকদার (নাটোর): জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল এই পৃথিবীতে শান্তির জন্য, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার জন্য। দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্যই তিনি এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন।
তিনি বলেন, আপনারা জানেন, স্বৈরশাসক রাজা কংসকে বধ করার মাধ্যমে শ্রীকৃষ্ণ সে সময় স্বৈরশাসনের অবসান ঘটিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর এই আদর্শ সারা পৃথিবীতে শান্তির বার্তা বহন করে।
দুলু বলেন, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি শান্তির জন্য। আমি বিশ্বাস করি, আজকের এই শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের কাছে আমার আহ্বান থাকবে, যে অন্যায়, যে অবিচার, যে স্বৈরশাসনের বিরুদ্ধে শ্রীকৃষ্ণ সংগ্রাম করে গেছেন, সেই আদর্শকে ধারণ করে আমাদের হিন্দু সমাজ ও এ দেশের মানুষ আগামী দিনে বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করবে বলে আমি প্রত্যাশা করি।
তিনি আরও বলেন, আপনারা জানেন, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন এই দল সৃষ্টি করেছিলেন, তখন তিনি বলেছিলেন, তার আগে ছিল বাঙালি জাতীয়তাবাদ, আর তিনি বলেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ। তাঁর লক্ষ্য ছিল, এখানে হিন্দু, এখানে মুসলমান, এখানে বৌদ্ধ, এখানে খ্রিস্টান, আমাদের ধর্মগত পার্থক্য থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না। আমরা এক। ধর্ম যার যার, বাংলাদেশটা সবার।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নাটোর শহরের বঙ্গজ্বল রাজবাড়ি শ্রী শ্রী শ্যামসুন্দর বড়তরফ মন্দির প্রাঙ্গণ থেকে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার সাহা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রসাদ কুমার বাচ্চাসহ ভক্তবৃন্দ।

