নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ভাড়াটিয়ার বিরুদ্ধে বাড়ির মালিককে জিম্মি করে জোরপূর্বক ফাঁকা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া, বাড়ি দখলের চেষ্টা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার ভুক্তভোগীর ছেলে থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় পাশের লালপুর উপজেলার নাওদাড়া গ্রামের সাজদার রহমানের (৬৫) একটি বাড়ি রয়েছে। প্রায় পাঁচ মাস ধরে বড়াইগ্রামের আটুয়া গ্রামের জমির উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম ওই বাড়ির একটি ইউনিট ভাড়া নিয়ে বসবাস করে আসছেন।
সম্প্রতি জহুরুল ইসলাম বাড়ির মালিককে না জানিয়েই বাড়ির আরও দুটি ইউনিট সুমন আলী ও হোসেন আলী নামে দুই ব্যক্তির কাছে ভাড়া দেন। পরে বিষয়টি জানতে পেরে সাজদার রহমান অনুমতি ছাড়া বাসা ভাড়া দেওয়ার কারণ জানতে চান এবং সবার কাছ থেকে ভাড়া দাবি করেন।
এতে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। গত ৯ আগস্ট পুনরায় ওই বাসায় ভাড়া চাইতে গেলে অভিযুক্তরা সাজদার রহমানের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে ছয়টি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেন বলে অভিযোগ করা হয়।
একই সঙ্গে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয় এবং ভবিষ্যতে তাকে ওই বাড়িতে যেতে নিষেধ করা হয়। এতে প্রাণভয়ে সাজদার রহমান নিজের বাড়িতেও যেতে পারছেন না বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত জহুরুল ইসলামের সঙ্গে কথা বলার জন্য একাধিকবার ফোন করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

