ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি পরিদর্শন করেন। এ সময় তিনি ফ্যাসিবাদী সরকারের নির্যাতনের বিভিন্ন চিত্র, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থানের স্মারক, শহিদদের স্মৃতি, আন্দোলন-সংশ্লিষ্ট আলোকচিত্র, দলিল ও অন্যান্য নিদর্শন ঘুরে দেখেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বীর শহিদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, কূটনীতিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
জাদুঘর কর্তৃপক্ষ জানায়, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলন, গণঅভ্যুত্থান, শহিদদের আত্মত্যাগ এবং তৎকালীন দীর্ঘ শাসনামলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে এ জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।
জাদুঘরে স্থান পেয়েছে ২০২৪ সালের আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোকচিত্র, দুর্লভ দলিল, শহিদ ও আহতদের ব্যবহৃত সামগ্রী, আন্দোলনে ব্যবহৃত ব্যানার, প্ল্যাকার্ড এবং নানা স্মারক। পাশাপাশি গত ১৭ বছরের রাজনৈতিক ও সামাজিক ঘটনাপ্রবাহ-সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য-উপাত্তও সংরক্ষণ করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্বোধনের দিন ৫ আগস্ট জাদুঘরটি বিশেষ অতিথি ও শহিদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে। তবে ৬ আগস্ট থেকে এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

