সর্বশেষ :
19 Oct 2026, Mon

পূর্ব শত্রুতার জেরে দোহারে প্রতিবেশীর হামলা: নারী ও শিশুসহ আহত একাধিক, থানায় অভিযোগ

পূর্ব শত্রুতার জেরে দোহারে প্রতিবেশীর হামলা: নারী ও শিশুসহ আহত একাধিক, থানায় অভিযোগ

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের মধুরচর এলাকায় পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশীদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় নারী ও শিশুসহ পরিবারের একাধিক সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় দোহার থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযুক্তরা হলেন— মধুরচর এলাকার কলম শিকদারের ছেলে জাফফর (৩৫), আবেদ আলী শিকদারের ছেলে কলম শিকদার (৫৮), হারুন শিকদার (৫৫), হারুন শিকদারের ছেলে আকমাল (৩২), সালাম শিকদারের ছেলে রুবেল শিকদার এবং সালাম হাওলাদারের ছেলে নূর আলম (৩৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শক্রতার জের ধরে অভিযুক্তরা দেশীয় লাঠিসোটা নিয়ে প্রথমে উজ্জ্বল মোল্লার ওপর হামলা চালায়। উজ্জ্বলের আত্মচিৎকার শুনে তার বড় ভাই তোফাজ্জল মোল্লাসহ পরিবারের সদস্যরা তাকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। এ সময় তারা তোফাজ্জল মোল্লা, পরিবারের নারী সদস্য এবং এক শিশুসহ সবাইকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করে।

হামলার তীব্রতায় স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়।

এ বিষয়ে আহতদের পরিবারের সদস্যরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি পরিকল্পিত ও সন্ত্রাসী কায়দায় এই হামলা চালানো হয়েছে। আমরা সুবিচারের আশায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি। দ্রুত দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

দোহার থানা পুলিশ লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *