বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার গৃধারীপুর এলাকায় স্থানীয় জনতার সহযোগিতায় বিপুল পরিমাণ চোরাই মাল উদ্ধার এবং দুই ভাঙ্গারি ব্যবসায়ীকে আটক করেছে পলাশবাড়ী থানা পুলিশ।
ভুক্তভোগী আবুল কালাম আজাদ জানান, গত ২৫ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে তিনি বাড়ির পূর্ব পাশের একটি কক্ষ তালাবদ্ধ করে বের হন। বাড়িটি বিক্রির প্রক্রিয়ায় থাকায় সাম্প্রতিক সময়ে বিভিন্ন লোকজন সেটি দেখতে আসছিলেন।
তিনি আরও জানান, ২৯ নভেম্বর দুপুর ৩টার দিকে বাড়িতে ফিরে এসে দেখেন- কক্ষটির পূর্ব দিকের জানালার গ্রিল ভাঙা এবং ভেতরে রাখা মূল্যবান মালামাল চুরি হয়ে গেছে। ঘটনাটি জানানো হলে আশপাশের লোকজন এসে চুরির বিষয়টি নিশ্চিত করেন।
চুরি হওয়া মালামালের মধ্যে ছিল- দুটি সেলাই মেশিন, একটি স্টিলের আলমারি ভেঙে নেওয়া প্রায় দুই ভরি স্বর্ণালঙ্কার, রাইস কুকারসহ ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র। এ ছাড়া বিভিন্ন মাপের প্রায় ৪ মণ রড এবং একটি দাঁড়িপাল্লাসহ মোট কমপক্ষে ৩ লাখ ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়।
ঘটনার পর পলাশবাড়ী থানা পুলিশকে অবহিত করলে ২৯ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে পুলিশ পৌর শহরের গৃধারীপুর এলাকায় ভাঙ্গারি ব্যবসায়ী নুরু মোল্লা ও শামসুল-এর দোকানে অভিযান চালায়। এ সময় বেশ কিছু চোরাই মাল উদ্ধারসহ নুরু মোল্লার ছেলে হৃদয় এবং ভাঙ্গারি ব্যবসায়ী শামসুলকে আটক করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে ব্যবসায়ী নুরু মোল্লা জানান, উদ্ধার হওয়া মালামাল তিনি শামসুলের কাছ থেকে ক্রয় করেছেন। অন্যদিকে শামসুল দাবি করেন, মালামালগুলো তিনি ক্রয় করেছেন- তবে কার কাছ থেকে ক্রয় করেছেন, সে বিষয়ে কোনো সঠিক জবাব দিতে পারেননি।
পলাশবাড়ী থানা পুলিশ জানায়, চুরির ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

