আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি পৌর কর্তৃপক্ষ উপজেলার সকল রাজনৈতিক দলের কর্মকাণ্ড এবং সব শ্রেণি-পেশার মানুষের ধর্মীয়, সাংস্কৃতিক, পারিবারিক বিয়ে-আকিকা-সহ বিভিন্ন অনুষ্ঠান স্বাচ্ছন্দ্যে পালনের লক্ষ্যে পৌর কমিউনিটি সেন্টার নির্মাণ করে। তবে এসব অনুষ্ঠানে আগত অতিথিদের আপ্যায়নের জন্য কোনো রান্নাঘর ছিল না। হঠাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বৃষ্টি-বাদলের কারণে কাজের ছন্দপতন ঘটত এবং আয়োজক কমিটিকে সমস্যায় পড়তে হতো।
বৃষ্টি-বাদলের হাত থেকে রক্ষা পেতে পাঁচবিবির ইউএনও ও পৌর প্রশাসক মো. সেলিম আহমেদ আধুনিক মানের একটি রন্ধনশালা নির্মাণের উদ্যোগ নেন। পৌরসভার অর্থায়নে প্রায় সাড়ে ৫ লাখ টাকা ব্যয়ে রান্নাঘরটির নির্মাণকাজ করছে এম এম ঠিকাদারি প্রতিষ্ঠান।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ সেলিম আহমেদ নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ মারুফ হাসান উপস্থিত ছিলেন।

