আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার বিভিন্ন সড়কের উভয় পাশে বিভিন্ন প্রজাতির ফুল ও ফলের গাছের চারা রোপণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্রীন পাঁচবিবি’।
মঙ্গলবার বিকেলে পৌরসভার হাসপাতাল সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব মো. জোবায়দুল হক সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জোবায়ের হাসান, পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ‘গ্রীন পাঁচবিবি’র সভাপতি মো. মাহমুদ ইসলাম, সহসভাপতি মো. আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আশফুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. আল-আমিনসহ সংগঠনের অন্যান্য সদস্য।
কর্মসূচির আওতায় পৌরসভার বরাদ্দ থেকে ২০০টি গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে এসব গাছের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন ‘গ্রীন পাঁচবিবি’র সদস্যরা। সামাজিক বনায়নের মাধ্যমে পাঁচবিবিকে একটি সবুজ ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলাই সংগঠনটির মূল লক্ষ্য বলে জানান সংশ্লিষ্টরা।
ইউএনও কাশপিয়া তাসরিন বলেন, জলবায়ু পরিবর্তনের এই সময়ে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। ‘গ্রীন পাঁচবিবি’ সংগঠনের তরুণদের এই উদ্যোগ অনুকরণীয়। সবারই নিজ নিজ জায়গা থেকে অন্তত একটি করে গাছ লাগানো উচিত।

