আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার প্রায় শতাধিক নারীকে দক্ষ উদ্যোক্তা করার লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে এসডিএস এনজিও। দীর্ঘ ৩ মাস প্রশিক্ষণ শেষে শনিবার দুপুরে এসব নারী উদ্যোক্তাদের মাঝে সনদ প্রদান করা হয়।
নারীদের সামাজিক ও পারিবারিক জীবনধারায় অর্থনৈতিক রূপান্তরের জন্য দক্ষতা ত্বরান্বিতকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। এসডিএসের ৩ জন দক্ষ প্রশিক্ষক নওরীন তাসনুভা, শ্যামলী আক্তার ও মল্লিকা রানী হস্তশিল্প, পোশাক নকশা ও দর্জি বিজ্ঞান বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
৩ মাসব্যাপী ২৪ জন করে নিয়ে গঠিত ৩টি ব্যাচে মোট ৭২ জন নারী উদ্যোক্তা প্রশিক্ষণ গ্রহণ করেন।
পাঁচবিবির বেসরকারি একটি স্বেচ্ছাসেবী সংগঠন এসডিএস এনজিওর সভানেত্রী গুলশান আরা গ্যালিন সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রশিক্ষণ শেষে নারী উদ্যোক্তাদের মাঝে সনদ বিতরণ করেন এসডিএসের নির্বাহী পরিচালক আয়েশা আক্তার ও সহকারী পরিচালক আঞ্জুমান আফরোজ।

