আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় নতুন উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ।
সরকারি আদেশে পাঁচবিবির সাবেক উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জসিম উদ্দিন বদলি হয়ে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় যোগদান করেন। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে ক্ষেতলাল উপজেলা থেকে বদলি হয়ে পাঁচবিবির শূন্য পদে যোগদান করেন মল্লিকা রানী। গতকাল বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার একটি সনাতন হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষে ৩৪তম বিসিএস (কৃষি) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে কৃষি ক্যাডারের কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন।
চাকরিজীবনে তিনি প্রথমে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় দায়িত্ব পালন করেন। এরপর কুড়িগ্রাম ও দিনাজপুরে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় দায়িত্ব পালন শেষে পাঁচবিবি উপজেলায় যোগদান করেন।
যোগদানের পর নবাগত কৃষি কর্মকর্তা মল্লিকা রানী বলেন, এ উপজেলার সব কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রান্তিক কৃষকদের সঙ্গে কাজ করতে চাই। সবার সহযোগিতা নিয়ে সঠিকভাবে ও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই। কৃষি ও কৃষকের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা থাকবে।
সংসার জীবনে এই কৃষি কর্মকর্তা এক কন্যাসন্তানের জননী।

