পাঁচবিবি (জয়পুরহাট): আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সমাজের পিছিয়ে পড়া আদিবাসী জনগোষ্ঠীরা যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে অংশগ্রহণ করতে পারে এবং সঠিকভাবে ভোট দিতে পারে, সেই লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে ‘ইনক্লুসিভ ভোটার এডুকেশন প্রকল্পের’ আওতায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওয়াহাব এই প্রকল্পের উদ্বোধন করেন।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার উচাই আদিবাসী একাডেমীর কনফারেন্স রুমে পিপলস অব দি মার্জিনালাইজড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পামডো) এই শিক্ষা প্রকল্প ও পরিচিতি সভার আয়োজন করে।
পামডোর প্রতিষ্ঠাতা ডা. দ্বিজেন্দ্র নাথ সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওয়াহাব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহমুদ হাসান, সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) তুহিন রেজা, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি মো. আসাদুজ্জামান আসাদ, থানার অফিসার ইনচার্জ মো. নিয়ামুল হক।
এছাড়াও বক্তব্য রাখেন পামডোর নির্বাহী পরিচালক হৈমন্তী সরকার, আইএফইএস (IFES)-এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার কানিজ ফাতেমা, স্বর্ণভূমি সংস্থার নির্বাহী পরিচালক সারাহ মারান্ডী এবং পামডোর জিএম মো. শাহাবুর রহমান।
এই প্রকল্পটি সারাদেশে ১৩টি বেসরকারি সংস্থার মাধ্যমে পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জয়পুরহাট ও দিনাজপুর জেলায় পামডো ও স্বর্ণভূমি- এই দুটি এনজিও আদিবাসী জনগোষ্ঠীর মহিলাদেরকে ডামি ভোট প্রদান প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করছে।

