সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে ব্যবসায়ীর টাকা ছিনতাই

পাঁচবিবিতে ব্যবসায়ীর টাকা ছিনতাই

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের ফেসকাঘাট এলাকায় পথ অবরোধ করে ফিল্মি স্টাইলে এক ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ছিনতাইকৃত টাকা উদ্ধারসহ ন্যায়বিচারের আশায় থানায় লিখিত অভিযোগ করেছেন উপজেলার কাঁকড়া গ্রামের মৃত মহির মণ্ডলের ছেলে বাছেদ মণ্ডল।

অভিযোগে জানা যায়, গতকাল সোমবার বিকেলে বাছেদ মণ্ডল যমুনা ব্যাংক পাঁচবিবি শাখা থেকে ২৫ লাখ টাকা তুলে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় বড় মসজিদের গেট এলাকা থেকে পাওনা টাকার জেরে বালিঘাটার দেবখণ্ডার ময়েজ উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল মামুন ও তিনটি মোটরসাইকেলে থাকা ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি তাকে জিম্মি করে তার বাড়িতে নিয়ে যায়। পরে বাছেদকে একটি গুদামে নিয়ে মারধর করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

মোটরসাইকেল চালক রেজাউলকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়। বাছেদকে টেনে বাড়ির ভেতরে নেওয়ার সময় তিনি ভয়ে চিৎকার করলে মামুন তাকে হুমকি দেয়।

প্রত্যক্ষদর্শী ফয়সাল রাজু বলেন, বাছেদ ও মামুনের মধ্যে ব্যবসায়িক লেনদেন ছিল। পাওনা টাকাকে কেন্দ্র করে জিম্মি করে বাড়িতে আটকে রেখে মারধর করা ঠিক হয়নি। আটকের সময় বাছেদের কাঁধে একটি ব্যাগ ছিল, তবে টাকা নেওয়া হয়েছে কিনা তিনি দেখেননি।

এ বিষয়ে আব্দুল্লাহ আল মামুন বলেন, তার সঙ্গে বাছেদের ব্যবসায়িক পাওনা রয়েছে। কিন্তু টাকা ফেরত দিতে টালবাহানা করায় তাকে বাজার থেকে বাড়িতে নিয়ে আসা হয়। টাকা ছিনিয়ে নেওয়া ও মারধরের ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা বলে তিনি দাবি করেন।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ হাফিজ মো. রায়হান বলেন, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *