আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবির জাতাইর পাগলা বাজার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ছমির উদ্দিন চৌধুরী ওয়াকফ এস্টেটের আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয় হাজারের অধিক গরিব ও অসহায় মানুষকে।
বগুড়া টিএমএস মেডিকেল কলেজ হাসপাতাল-এর ১৩ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিনিধি দল দন্ত, চোখ, কান, গলা, অর্থোপেডিক ও মেডিসিন বিষয়ে চিকিৎসাসেবা দেন।
ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লি অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. এনামুল হক চৌধুরী বলেন, মরহুম ছমির উদ্দিন আমার দাদা। তিনি ১৯৪৪ সালে জীবদ্দশায় এলাকার সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ওয়াকফের নামে কিছু সম্পত্তি লিখে দেন। সেই থেকেই আমরা বিভিন্ন সামাজিক কাজ করে আসছি। এরই ধারাবাহিকতায় আজ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সকলের সহযোগিতা পেলে এমন মহতী উদ্যোগ অব্যাহত রাখব।
একরামুল হক তাওহীদ চৌধুরী বলেন, আয়োজক কমিটিকে ধন্যবাদ, ইউনিয়নবাসীর জন্য এমন মহতী উদ্যোগ নেওয়ার জন্য।
এ সময় রফিকুল ইসলাম চৌধুরী শাহিন ও এস্টেটের সদস্যরা উপস্থিত ছিলেন। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে স্থানীয়রা বেশ খুশি।

