আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে দিনব্যাপী ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্ব) দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে এলাকার শতাধিক গবাদিপশুকে টিকা প্রদান, কৃমিনাশক ও ভিটামিন বিতরণসহ বিভিন্ন রোগ ও উৎপাদনসংক্রান্ত চিকিৎসাসেবা প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি চিকিৎসকেরা। ক্যাম্পে গরু, ছাগলসহ বিভিন্ন গবাদিপশু নিয়ে কৃষক ও খামারিরা উপস্থিত হন।
এ সময় কয়েকজন খামারি বলেন, হাতের নাগালে এ ধরনের ফ্রি চিকিৎসাসেবা গবাদিপশুর জন্য খুবই উপকারী। এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প নিয়মিত আয়োজন করা হলে খামারিরা সহজেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিতে পারবেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী বলেন, উপজেলার সব ইউনিয়নে পর্যায়ক্রমে প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হবে। এর মাধ্যমে প্রান্তিক খামারিরা সহজেই তাঁদের গবাদিপশুর চিকিৎসাসেবা পাবেন।
তিনি আরও বলেন, ভেটেরিনারি সার্জন ডা. মো. ফয়সাল রাব্বির তত্ত্বাবধানে প্রাণিসম্পদ অফিসের একটি দক্ষ দল এ চিকিৎসাসেবা প্রদান করছে।

